শেয়ার বাজার জোক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শেয়ার বাজার জোক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৮ আগস্ট, ২০১২

নেপোয় মারে দই

অনেকদিন আগের ঘটনা। বিহারের এক গ্রাম থেকে এক স্কুল-টিচার বোম্বেতে (তখনও মুম্বাই হয় নি) বেড়াতে এলো। বোম্বেতে তার এক তুতো দাদা থাকতো, যে বিখ্যাত শেয়ার দালাল আপনধন মেহতার গাড়ি চালাতো।
সবকিছু ঘুরিয়ে দেখানোর পর, দাদা ভাইকে নিয়ে বোম্বে জাহাজঘাটায় গেলো। ওখানে অনেকগুলো প্রাইভেট ইয়াট পাশাপাশি নোঙ্গর করে রাখা ছিলো।
দাদা ভাইকে ঐ ইয়াটগুলো দেখিয়ে বললো, "এই যে দেখছিস, এই সবকটা ইয়াটের মালিক হলো আমার সাহেবের মতন শেয়ার দালাল বা ইনভেস্টমেন্ট ম্যানেজাররা।"
স্কুল টিচার ভাই খুবই সরলভাবে জিজ্ঞেস করলো, "তাই নাকি! বাঃ বাঃ। আচ্ছা দাদা, ইনভেস্টর মানে বিনিয়োগকারীদের ইয়াটগুলো কোথায় গো?"

মঙ্গলবার, ২৬ জুন, ২০১২

হিসেব করা কাকে বলে

একজন এ্যাকচুয়ারি (মানে যারা ইন্স্যুরেন্স পলিসি বানায়) এবং একজন চাষী ট্রেনে করে দিল্লী যাচ্ছিলো। ট্রেনটা একটা বিশাল মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মাঠে অনেকগুলো ভেড়া চরতে দেখে এ্যাকচুয়ারি বললো, "এই দেখো, ওখানে ১২৪৮ টা ভেড়া আছে।"
এটা শুনে চাষী অবাক হয়ে বললো, "অসাধারণ! এই ভেড়াগুলোর মালিককে আমি চিনি, তাই বলতে পারছি যে তোমার কথা একশ শতাংশ সত্য! কিন্তু, একটা কথা বলোতো, এত তাড়াতাড়ি তুমি কোন পদ্ধতিতে এতগুলো ভেড়াগুলোকে গুনতে পারলে?"
এ্যাকচুয়ারি বললো, "আরে, এটা তো খুবই সহজ। আমি শুধু ভেড়াগুলোর পা গুনেছি, আর তারপর মোট যোগফলকে চার দিয়ে ভাগ করে দিয়েছি!"

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

শেয়ার বাজার

এক বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের নতুন সংখ্যায় একটা মার্কেট সার্ভের রিপোর্ট বেরিয়েছে। এই রিসার্চটা করা হয়েছিলো শেয়ার বাজারে যেসব বিনিয়োগকারী বা ইনভেস্টররা টাকা লাগান, তাদের শেয়ার বাজার সম্বন্ধে জ্ঞানের বহরটা মাপার জন্য। যাইহোক, আসুন আমরা রিসার্চের ফল, অর্থাৎ রিপোর্টে কি বলা হয়েছে সেটা দেখি।

এই রিপোর্ট অনুযায়ী বিনিয়োগকারীদেরকে মোট তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর শ্রেণীগুলো বানানো হয়েছে শেয়ার মার্কেট সম্বন্ধে জ্ঞান অনুযায়ী।
  • প্রথম শ্রেণীতে সেইসব বিনিয়োগকারীদেরকে রাখা হয়েছে, যারা নিজেরাই স্বীকার করেছেন যে শেয়ার বাজার সম্বন্ধে তারা বিশেষ কিছুই জানেন না। মোট বিনিয়োগকারীদের মধ্যে দশ শতাংশ (১০%) লোক এই শ্রেণীতে পড়েন।
  • দ্বিতীয় শ্রেণীতে সেইসব বিনিয়োগকারীদেরকে রাখা হয়েছে, যারা শেয়ার বাজার সম্বন্ধে মোটামুটিভাবে জানেন। এই শ্রেণীতেও মোট বিনিয়োগকারীর দশ শতাংশ (১০%) লোক আছেন।
  • তৃতীয় শ্রেণীতে সেইসব বিনিয়োগকারীদেরকে রাখা হয়েছে যারা শেয়ার বাজার সম্বন্ধে কিছুই জানেন না। এমনকি তারা যে শেয়ার বাজার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ, সেটাও তাদের জানা নেই। মোট বিনিয়োগকারীর আশি শতাংশই (৮০%) এই শ্রেণীর অন্তর্ভুক্ত!