সোমবার, ২৬ মার্চ, ২০১২

ইংরেজিভাষী লোকসংখ্যা

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশী ইংরেজিভাষী লোক আছে?
উঃ সকাল থেকে রাত আটটা পর্যন্ত কেরালায়। রাত আটটার পর, পাঞ্জাবে।

স্বর্গে ফুটবল

ডেভিড বেকহ্যাম তার চার্চের প্যাস্টোর কে গিয়ে জিজ্ঞেস করলো, "ফাদার, আপনি কি বলতে পারেন যে স্বর্গে ফুটবল খেলা হয় কি?"
ফাদার বললেন, "হুম, সেটা তো ঠিক জানি না। তুমি একটা কাজ করো, কাল বিকেলের দিকে একবার এসো। আমি খোঁজখবর নিয়ে দেখছি।"
বেকহ্যাম পরদিন চার্চে গিয়ে বললো, "ফাদার কিছু জানতে পারলেন কি?"
ফাদার বললেন, "ডেভিড, তোমার জন্য একটা ভালো আর একটা খারাপ খবর আছে। ভালো খবরটা হলো যে স্বর্গে ফুটবল খেলা হয়। আর খারাপ খবরটা হলো যে আগামী বৃহস্পতিবারে তোমার একটা ম্যাচ আছে!"

চেহারাটা দেখে ভালো লাগছে না

আমাদের পাড়ার রঞ্জনবাবু তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন।
ডাক্তারবাবু বেশ কিছুক্ষণ পরীক্ষা করে রঞ্জনবাবুকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, "দেখুন রঞ্জনবাবু, আপনার স্ত্রীকে দেখে আমার মোটেও ভালো লাগলো না!"
রঞ্জনবাবু বললেন, "একদম ঠিক ধরেছেন ডাক্তারবাবু! আমারও ওকে দেখতে মোটেই ভালো লাগে না। কিন্তু ও খুব ভালো রান্না করে আর আমাদের বাচ্চাগুলোকে খুব ভালোভাবে বড় করছে!"

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

পচাদার দ্বিতীয় বিবাহবার্ষিকী

শপিং মল থেকে বেরোনোর সময় হঠাৎ দেখি আমাদের পচাদা হাতে একটা সুন্দর করে গিফট র‍্যাপ করা ছোট্ট প্যাকেট নিয়ে আসছে। তো পচাদাকে জিজ্ঞেস করলাম কারজন্য ওটা কিনে নিয়ে যাচ্ছে।
পচাদা বললো, "আর বলিস না, পরশু দিন তো আমার বিবাহবার্ষিকী, তাই তোর বৌদির জন্য এটা কিনলাম।"
আমি, "ওহ, আচ্ছা!"
পচাদা, "গত সপ্তাহে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি চাই। তোর বৌদি বললো, 'জানি না গো। যা ইচ্ছে হয় তাই দিয়ো। শুধু ওটাতে ডায়মন্ড থাকলেই হবে।' ব্যস।"
আমি, "আচ্ছা! তা কি কিনলে? আংটি, নেকলেস, পেণ্ডান্ট না অন্য কিছু?"
পচাদা বললো, "আররে না! আমি ওর জন্য এক প্যাকেট তাস কিনেছি।"

বান্টা সিং এর মৃত্যু

বান্টা সিং ভোরে ঘুম থেকে উঠেই তার বৌকে বললো, "ওয়ে প্রীততো, আমি মরে গেছি।" 
প্রীতো যতই বোঝায়, বান্টা মানেই না যে সে মরে গেছে। শেষে অনেক বুঝিয়ে-সুঝিয়ে একজন সাইক্রিয়াটিস্টের কাছে বান্টাকে নিয়ে যাওয়া হলো।
ডাক্তার অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করেও কিছুই না করতে পেরে শেষে একটা নই বার করে বান্টাকে দেখালেন যে সেটাতে লেখা আছে, "মৃত লোকের অর্থাৎ মৃতদেহের শরীর থেকে রক্ত বেরোয় না।" বান্টার কথা থেকে মনে হল সেও কথাটা বিশ্বাস করেছে।
তখন ডাক্তার একটা পিন নিয়ে বান্টার হাতে খোঁচা দিলেন আর সাথে সাথেই আঙুল থেকে রক্ত বেরিয়ে এলো। 
ডাক্তার বলেন, "বান্টা, তুমি তো জানো যে মৃতদেহের শরীর থেকে রক্ত বেরোয় না। এই যে তোমার হাত থেকে রক্ত বেরোল, তার থেকে কি বুঝলে?"
বান্টা অবাক হয়ে আঙুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বললো, "ওয়ে তেরি ... এতো দেখছি মরা লোকের শরীর থেকেও রক্ত বেরোয়!"

সোমবার, ১৯ মার্চ, ২০১২

কিছু মজার লেবেল

বাচ্চাদের গায়ে মাখানোর তেলঃ শিশুদের নাগালের বাইরে রাখুন! (এ্যাঁ ... মানে?)
লিটল ওয়ান বেবী লোশনঃ বাচ্চাদের থেকে দূরে রাখুন। (আবার? তাহলে মাখাবো কাকে??)
চুলে লাগানোর রঙঃ দয়া করে আইসক্রিমের টপিং হিসেবে ব্যবহার করবেন না। (আইসক্রিম??)
ওয়েট ন্যাপির প্যাকেটে লেখাঃ প্যাকেটটা ছিঁড়ে খুলে নিয়ে তারপর ব্যবহার করুন।
ডায়াল সাবানের প্যাকেটে লেখাঃ সাধারণ সাবানের মতই ব্যবহার করুন। (অসাধারণ!)
স্ট্রাইডেক্স ফোমিং ফেস ওয়াশঃ ফোম (ফেনা) থাকতে পারে। (ওঃ, আমি ভাবলাম ...)
হেইঞ্জ কেচাপঃ ব্যবহার করার নির্দেশাবলী - খাবারের ওপরে দিন। (কেউ তলায় দেয় কি?)
সোয়ানসন টিভি ডিনারের প্যাকেটের ওপরে লেখাঃ সতর্কীকরণ - এই প্রডাক্টটাকে খাওয়ার আগে অবশ্যই রান্না করে নিন। (আমি ভাই কাঁচা খেতে পছন্দ করি। :D)
আমেরিকান এয়ারলাইনসের যাত্রীদের দেওয়া বাদামের প্যাকেটে লেখাঃ প্যাকেটটা খুলুন, চিবিয়ে বাদাম খান। (এঃহে, প্যাকেটটা খেতে পারবো না?)

পচাদার তাজমহল গড়া

পচাদার প্রেমিকা বললো, "হ্যাঁগো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?"
পচাদা (একটু গম্ভীরভাবে), "সীমাহীন ভালোবাসি ...।"
প্রেমিকা (একটু নাক সিঁটকে), "সীমাহীন! আচ্ছা! তাহলে তাজমহল বানাচ্ছো না কেনো?"
পচাদা (আরো গম্ভীরভাবে), "জায়গা দেখা, ঠিক করা এবং জমি কেনা শেষ। এবার শুধু তোমার মরার অপেক্ষা। তুমি মরলেই তাজমহলের কাজ শুরু করবো।"
Created by Shovon Chakraborty. শোভন চক্রবর্তী এটা বানিয়েছেন।

রবিবার, ১৮ মার্চ, ২০১২

পচাদার বিবাহবার্ষিকী

পচাদা বিয়ে করেছে। তা বছরখানেক হতে চললো। পচাবৌদি বললো, "হ্যাঁগো, সব্বারই আজকাল গাড়ি আছে। তা, বিবাহবার্ষিকীতে তুমি আমায় একটা গাড়ি দেবে?"
পচাদা বললো, "দেখি!"
বিবাহবার্ষিকীর দিন। পচাদা বাড়ি ফিরলো হাতে একটা নেকলেসের বাক্স নিয়ে। বৌদিকে বললো, "ডার্লিং, এই দেখো তোমার জন্য কি এনেছি!"
বৌদি নেকলেসটা দেখে মনে মনে খুশী হল, কিন্তু মুখে বললো, "কিগো, তুমি না বলেছিলে যে আজকে একটা গাড়ি গিফট করবে?"
পচাদা বললো, "কি করবো বলো, ইমিটেশন গাড়ি তো আর পাওয়া যায় না!"

একবার না পারিলে দেখ শতবার

আপনি যদি বিশ্বাস করেন যে একবার কোন একটা কাজে ব্যর্থ হলেও হতোদ্যম হওয়া উচিত নয় এবং বারবার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন, তাহলে -
স্কাই ডাইভিং আপনার জন্য নয়! 

শনিবার, ১৭ মার্চ, ২০১২

একটি ক্রিকেট বল এবং গ্যারাজের জানালার ফুটো

এক ভদ্রমহিলা দুপুরে সব কাজকর্ম শেষ করে একটু দিবানিদ্রা দেওয়ার চেষ্টায় ছিলেন। হঠাৎ কলিংবেলের শব্দে উঠে তাঁকে দরজায় আসতে হলো। বাইরে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে ছিল, যার মধ্যে একজনের হাতে একটা ক্রিকেট ব্যাট। 
বাচ্চাটা বললো, "আন্টি, আমাদের বলটা না আপনার গ্যারাজের ভেতরে ঢুকে গেছে। ওটা একটু ফিরিয়ে দিন না প্লিজ!"
আন্টি দেখলেন যে গ্যারাজের কাঁচের জানালায় বলের সাইজের একটা গর্ত হয়ে গেছে। তিনি বললেন, "হুম! তা বলটা গ্যারাজের ভেতরে ঢুকলো কিভাবে?"
বাচ্চাটা একবার ভাঙ্গা জানালার দিকে, একবার বন্ধুর দিকে আর একবার মহিলার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বললো, "আন্টি, কি আশ্চর্য্য! আমার মারা শটটা আপনার গ্যারাজের জানালার ঐ ফুটোর মাঝখান দিয়ে ঢুকে গেছে!"